লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বুধবার (১১ জুন) সকালে জেলা জামায়াতের আমির এসইউএম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বুধবার বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে সেক্রেটারি মনোনীত করা হয়। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়াতের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে নিয়োগ দেন।
পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, নুরনবী ৪ বছর জামায়াতের সেক্রেটারি ছিলেন। তিনি বর্তমানে সদর উপজেলার ভবানীগঞ্জের বাসিন্দা। তার পৈতৃক বাড়ি কমলনগর উপজেলায় ছিল।
























































