খুলনার কয়রা উপজেলাে ধান ক্ষেতে ইঁদুর দমনের জন্য পেতে রাখা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা বৈদ্য (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত লতিকা বৈদ্য ওই এলাকার বরুণ বৈদ্যের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নিরুদ রায় তাঁর ধান ক্ষেতে ইঁদুর মারার উদ্দেশ্যে পাশের বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারের ফাঁদ পেতে রেখেছিলেন। শনিবার সন্ধ্যার পর লতিকা বৈদ্য নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। রোববার ভোরে নিরুদ রায়ের ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় লতিকার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে অবৈধ সংযোগদাতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, কয়রায় ফসল রক্ষার নামে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এলাকাবাসীর মতে, এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধ পদ্ধতির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও কৃষকদের সচেতনতা বৃদ্ধির দাবি জানান।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।






















































