খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা তারেক রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতীকী মূর্তি দাহ কর্মসূচি পালন করেছেন।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সালাউদ্দিন আম্বার নামের এক ব্যক্তির আইডি থেকে তারেক রহমানের ছবি বিকৃত করে ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এর প্রতিবাদে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে একটি স্লোগানে বলা হয়,
“আম্মারের দুই গালে জুতা মারো তালে তালে, আম্মারের ঠিকানা কয়রায় হবে না”—যা উপস্থিতদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
পরে বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তির প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রতীকীভাবে একটি মূর্তি তৈরি করে তা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা আরও বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সকলেরই শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন।














































