খুলনার উপকূলীয় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামে নদীর মাঝখানে মাছ ধরার সময় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নদীতে মাছ ধরার সময় হঠাৎ করেই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫), পিতা পরিতোষ রায়, সাঁতরে তীরে উঠতে সক্ষম হন এবং প্রাণে রক্ষা পান।
তবে নৌকায় থাকা উপেন মৃধা (৫০), পিতা মৃত শুধির মৃধা এবং মুকেন্দ মন্ডল (৪২), পিতা মৃত ধোনা মন্ডল এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলে ও এলাকাবাসী নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান জোরদার করা হোক।






































