খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কলা ও মানবিক স্কুলের নতুন ডিন হয়েছেন বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক প্রফেসর ড. মো. দুলাল হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
রবিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগেও তিনি খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন। পাশাপাশি বর্তমানে তিনি বাংলা ডিসিপ্লিনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, অধ্যাপক দুলাল ১৯৯৭ সালে জটুয়াখাতা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক এবং ১৯৯৯ সালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিকে সম্পন্ন করেন।
এরপরে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সেখান থেকে ২০০৪ সালে স্নাতক ও ২০০৫ সালে স্নাতকোত্তর শেষ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালে ‘কবিত্রয়ীর কাব্যভাষা: শামসুর রাহমান-সৈয়দ শামসুল হক-আল মাহমুদ’ বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি কর্মজীবন শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে সহকারী শিক্ষক (বাংলা) হিসেবে। এরপর কিছুদিন রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক (খন্ডকালীন) পদে দায়িত্ব পালন করেন। এরপরে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, রাজশাহী ক্যাম্পাস।
উল্লেখ্য, তিনি ২০২৩ সালে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ২০০৭-০৮ সালে শহীদুল্লাহ জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন।




































