হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্ভাব্য সিদ্ধান্তের আগে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইরান।
তেহরান থেকে এএফপি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘আগ্রাসী পক্ষ ও তাদের সমর্থকদের বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী পরিস্থিতি নিয়ে যেকোনো উসকানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।’
শুক্রবার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সুরক্ষায় একটি প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা থাকলেও তা পরে স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
প্রস্তাব ও বিরোধিতা
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে বাহরাইন উত্থাপিত খসড়া প্রস্তাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল রক্ষায় ‘প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণের অনুমোদনের কথা বলা হয়েছিল।
প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেলেও রাশিয়া, চীন এবং ফ্রান্সসহ কয়েকটি দেশ আগের খসড়াগুলোর বিরোধিতা করে।
বৈশ্বিক জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ পথ
হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরুর পর থেকে এই পথ প্রায় বন্ধ হয়ে রয়েছে।
এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।





































