খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে এক জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ ইয়াসিন সরদার (পিতা: আঃ মালেক সরদার) হালখাতার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। জানা গেছে, শ্রীফলতলা থেকে কলা পোতা সড়কে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা হালখাতায় তোলা প্রায় ৫ লাখ টাকার বেশি নগদ অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।






















































