জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)- সকালে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে
রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর। এসব ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার, স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি।
এ সময় প্রধান অতিথি জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা, রোগ প্রতিরোধে টিকাদান ও পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত রোগ সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর আলোকপাত করেন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফার
পরিচালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মালিহা আফছার,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)- ডাঃ বিউটি রানী সরকার, ব্র্যাক জেলা প্রতিনিধি জিয়াউর রহমান, ব্রাক প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, ব্রাক রিজিওনাল ম্যানেজার (জিজেডি) সেলিম মোল্লা, প্রোগ্রাম অফিসার (বিএইচপি)” শাহরিয়ার সিদ্দিক।
সভায় স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।























































