ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ। রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না।
জনসভায় বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলার কৃতীসন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ২০১৭ সালে আমাকে জঙ্গি ট্যাগ দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল। আজ আবার এই মাটিতে ফিরে আপনাদের ভালোবাসা পেয়েছি—এটাই আমার বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ যেন চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের হাতে না যায়—সেজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি কিরণ চন্দ্র মণ্ডল, হরিণটানা থানা সভাপতি এম এ গফুরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। এজন্য তারা সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।



















































