ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ ও ঈদগাহ ময়দানে প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন চাঁদপুর-৩ (সদর) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা। নামাজ শেষে তিনি প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও সুধীজনদের সঙ্গে মুসল্লিদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (২১ মার্চ) সকালে চাঁদপুর জেলা শহরের পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদ, স্ট্যান্ড রোডস্থ চৌধুরী জামে মসজিদ, ঐতিহাসিক বেগম জামে মসজিদ, বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ এবং চাঁদপুর আউটার স্টেডিয়ামসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জেলা শহরের বৃহত্তম মসজিদ পুরান বাজার জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদের আগের দিন ও ঈদের দিন বৃষ্টিপাত হয়। এর ফলে ময়দান ভিজে যাওয়ায় চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় পৌর ঈদগাহ এবং পুরান বাজার মধুসূদন হাই স্কুল মাঠে নির্ধারিত প্রধান জামাত অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। তবে প্রতিটি মসজিদে যথাযথভাবে ঈদের জামাত আদায় করা হয়।
মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ঈদের জামাত শুরুর অনেক আগেই জেলার বিভিন্ন মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, যা ধর্মীয় উৎসবের প্রতি মানুষের গভীর আগ্রহ ও আন্তরিকতার প্রতিফলন।



















































