চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এনামুল হক আইয়ুব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় শেখ আহমদ ও সাব্বির নামে আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (ভোর ৬টা) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক আইয়ুব কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাঘগ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি অর্ণব কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে ভোরে নিজ প্রাইভেটকারে চট্টগ্রাম নগরী থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন আইয়ুব। পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, দুর্ঘটনাস্থলেই গাড়ির চালক আইয়ুবের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























































