ঈদের সকাল যেন নিঃশব্দে জেগে ওঠা এক অনির্বচনীয় অনুভূতির বিস্তার মানুষের অন্তরের গভীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়া এক কোমল আলো। চারপাশে তখন এক অদ্ভুত উচ্ছ্বাস, যা ভিন্ন ভিন্ন মানুষকে বেঁধে ফেলে এক অভিন্ন আবেগের বন্ধনে। ঈদগাহের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার সেই মুহূর্তেই মনে হয় আজকের দিনটি শুধু নিজের জন্য নয়, বরং সবার সাথে ভাগ করে নেওয়ার এক অপূর্ব উপলক্ষ।
ঈদের এই সকাল কেবল সূর্যের আলোয় আলোকিত নয়; এটি আলোকিত মানুষের মুখের হাসিতে, চোখের দীপ্তিতে, আর হৃদয়ের প্রশান্তিতে। নতুন পোশাকের মৃদু খসখস শব্দ, দূর থেকে ভেসে আসা তাকবির, বাতাসে মিশে থাকা সুগন্ধি আর মানুষের পদচারণার ছন্দ মিলিয়ে যেন সৃষ্টি হয় এক অনন্য সুর এক উৎসবমুখর, অথচ শান্তির আবহ।
ঈদগাহের পথে হাঁটা মানুষ কখনো একা থাকে না। তার পাশে থাকে আরও মানুষ, থাকে মিলনের আকাঙ্ক্ষা, থাকে একসাথে থাকার অদৃশ্য টান। আর নামাজের কাতারে দাঁড়িয়ে সেই অনুভূতি পায় পূর্ণতা। এখানে নেই কোনো ভেদাভেদ, নেই উচ্চ-নীচের বিভাজন সবাই এক কাতারে, এক প্রার্থনায়, এক বিশ্বাসে নিবেদিত। এই দৃশ্য কেবল ধর্মীয় নয়, এটি এক গভীর মানবিক সত্যের প্রতিচ্ছবি মানুষের প্রকৃত পরিচয় তার হৃদয়ের বিশুদ্ধতায়।
নামাজ শেষে ধীরে ধীরে উন্মোচিত হয় ঈদের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়। মানুষ এগিয়ে আসে একে অপরের দিকে, বিনিময় করে সালাম, কোলাকুলি, আর শুভেচ্ছার উষ্ণতা। “ঈদ মোবারক” শব্দটি তখন শুধু উচ্চারণ নয় এটি হয়ে ওঠে অনুভূতির ভাষা। একটি আলিঙ্গন, একটি হাসি, একটি স্পর্শ নীরবেই বলে দেয় অজস্র না বলা কথা। দূরত্ব গলে যায়, সম্পর্ক নবজীবন পায়, আর হৃদয়ের ভেতর গড়ে ওঠে এক গভীর বন্ধন।
গ্রামবাংলার প্রান্তরে এই সৌন্দর্য আরও নির্মল, আরও মাটির কাছাকাছি। সুজলা সুফলা শস্য শ্যামল বাংলার মেঠো পথ খোলা আকাশের নিচে ঈদগাহ। সব মিলিয়ে যেন এক জীবন্ত ছবির মতো। নামাজ শেষে দল বেঁধে বাড়ি ফেরা, পথে পথে শুভেচ্ছা বিনিময়, কারো বাড়িতে হঠাৎ ঢুকে পড়ে শুভেচ্ছা বিনিময় এই সরলতা আর আন্তরিকতাই ঈদের প্রকৃত রূপকে আরও উজ্জ্বল করে তোলে।
শহরেও ঈদের আবেগ কম নয়, যদিও তার রূপ ভিন্ন। ব্যস্ত সড়ক, উঁচু ভবনের ভিড়ের মাঝেও মানুষ খুঁজে নেয় একে অপরকে। বহুদিন পর দেখা হওয়া বন্ধু, দূর থেকে ফেরা প্রিয়জন, কিংবা পাশের ফ্ল্যাটের প্রতিবেশী সবাই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে যায়। সেই মিলন শহরের যান্ত্রিকতা ভেঙে এনে দেয় এক টুকরো উষ্ণ মানবিকতা।
ঈদের আরেকটি গভীর সৌন্দর্য লুকিয়ে আছে ভাগ করে নেওয়ার আনন্দে। এই দিনে মানুষ নিজের সুখকে সীমাবদ্ধ রাখে না; বরং অন্যের মুখেও হাসি ফোটাতে চায়। একটি খাবার, একটি উপহার, কিংবা নিছক কিছু সময় এই ছোট ছোট প্রয়াসগুলোই ঈদকে করে তোলে পূর্ণ। তখন বোঝা যায়, আনন্দ একা ভোগে নয়, বরং মিলিত অনুভূতিতেই তার প্রকৃত বিস্তার।
প্রযুক্তির পর্দায় বন্দি এই সময়ের মানুষ যখন ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তখন ঈদ এসে সেই দূরত্বকে চ্যালেঞ্জ জানায়। এটি মনে করিয়ে দেয় মানুষ একা নয়, সে সম্পর্কের, সমাজের, এক বৃহৎ মানবিক বৃত্তের অংশ। আর সেই বৃত্তে সবাই যখন একসাথে দাঁড়ায়, তখন সৃষ্টি হয় এক অনুপম সৌন্দর্য।
ঈদ তাই কেবল একটি উৎসব নয় এটি এক জীবন্ত দর্শন, এক মানবিক পাঠ। এটি শেখায় ভালোবাসা ভাগ করলে কমে না, বরং বেড়ে যায়; আন্তরিকতার একটি হাতছানিই মুছে দিতে পারে দূরত্বের দেয়াল।
যেখানে সবাই একসাথে সেই স্থানই ঈদের প্রকৃত ঠিকানা। সেখানে নেই বিভেদ, নেই একাকীত্ব; আছে শুধু হাত ধরে এগিয়ে চলার গল্প। আর সেই গল্পই আমাদের বারবার মনে করিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় পরিচয়, সে মানুষ।

























































