জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী মিলিয়ে প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, স্মৃতিচারণা ও ভ্রাতৃত্ববোধের আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকার, যিনি নেত্রকোনা জেলা সমিতির সাবেক সভাপতিও। বিশেষ অতিথি হিসেবে সমিতির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির সাধারণ সম্পাদক রুবায়েত হাসান অর্পনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মোহাম্মদ আলিফ কাজী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জহিরুল ইসলাম খন্দকার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আজকের এই আয়োজন আমাকে আমার ছাত্রজীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। একসময় আমরাও স্বপ্ন, সংগ্রাম আর সীমিত সামর্থ্য নিয়ে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জেলা সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আশ্রয়, আমাদের পরিবারের সম্প্রসারিত রূপ।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে জেলা-ভিত্তিক কমিউনিটি শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা, নৈতিক সমর্থন ও আত্মপরিচয়ের বোধ তৈরি করে। বিশেষ করে প্রত্যন্ত জেলা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই কমিউনিটি মানসিক শক্তি ও সাহসের জায়গা হিসেবে কাজ করে।” বক্তব্যের একপর্যায়ে তিনি বর্তমান ও সাবেকদের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সাবেক নেতৃবৃন্দও বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বলেন, জেলা সমিতির বন্ধনই তাদের আজও একসূত্রে গেঁথে রেখেছে। কেউ কেউ বর্তমান শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি আলিফ কাজী বলেন, “নেত্রকোনা থেকে আগত প্রত্যেক শিক্ষার্থী যেন এখানে এসে নিজের একটি পরিবার খুঁজে পায়, সেটিই আমাদের লক্ষ্য। সাবেক ও বর্তমানদের এই মিলনমেলা আমাদের সংগঠনের শক্তি ও ঐতিহ্যের প্রমাণ।”
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করা হয়। ইফতার ও নৈশভোজের মধ্য দিয়ে আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






















































