রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে কয়রা বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কয়রা বাজার থানা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে তিনি বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্য, সরবরাহ পরিস্থিতি এবং বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, “রমজানে দ্রব্যমূল্য সহনশীল ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে হবে। কোনো প্রকার সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না।
তদারকিকালে বাজার কমিটির সভাপতি জুলফিকার আলম উপস্থিত ছিলেন। তিনি বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় বাজারে উপস্থিত ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত তদারকির দাবি জানান।
























































