খুলনার কয়রা উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে কয়রা বাজার ও অন্তাবুনিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌলোক কুমার ঘোষ।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় কয়রা বাজারের ‘কয়রা এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং অন্তাবুনিয়া বাজারের এক সার বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌলোক কুমার ঘোষ বলেন, সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। কৃষকদের কোনো ধরনের অনিয়মের শিকার হলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে সার বা কৃষি উপকরণ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















































