চাঁদপুরে জেলার বিভিন্ন উপজেলায় জি এম বাংলা লিমিটেডের সহায়তায় এবং খাদিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রায় সাড়ে ৫ হাজার নিম্ন আয়ের পরিবার এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে শুরু করে দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের খাদিজা মহলে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঈদ উপহার বিতরণের আগে কয়েকটি মাদ্রাসার এতিম ছাত্র ও আলেমদের অংশগ্রহণে দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আলহাজ্ব ফারুক আহমেদ। এ সময় মাই টিভির চেয়ারম্যান নাছির উদ্দিন সাথী ও তার ছেলে সুনামধন্য ইউটিউবার তৌহিদ আফ্রিদির রোগ ও কারা মুক্তির জন্য দোয়া কামনা করা হয়।
এরপর শুরু হয় উপহার বিতরণ। শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, পাঞ্জাবি এবং নগদ অর্থ তুলে দেওয়া হয় হাজার হাজার মানুষের হাতে। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও হাইমচরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নারী ও পুরুষ এই ঈদ উপহার নিতে আসেন।
এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদিজা বেগম এবং জি এম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিলা জাহান সেতু এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
জি এম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জি এম মজিবুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ। মানুষের মুখে হাসি ফোঁটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
তিনি বলেন, সমাজের সামর্থ্যবান মানুষরা যদি এগিয়ে আসে, তাহলে সুবিধাবঞ্চিত মানুষের জীবন বদলানো সম্ভব। বিশেষ করে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।



















































