ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, মাহে রমজানে যখন মুসলিমবিশ্বে মুসলমান সিয়াম সাধনায় ব্রত, ঠিক সে সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অসংখ্য মুসলমান নিহত হওয়ার ঘটনায় আমরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। আলোচনা চলমান থাকাবস্থায় ইরানে হামলা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। তিনি বলেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক আইনসহ কোনো রীতিতেই পড়ে না। ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে হত্যা বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনও বটে।
শুক্রবার (৬ মার্চ ) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদরের ১৩নং হানারচর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাকেই স্পর্শ করবে। তিনি জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি আরও বলেন, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের একটি স্কুলে হামলা চালিয়ে শত শত শিশু হত্যা করে চরম মানবতাবিরোধী কাজ করেছে। নিষ্পাপ শিশু হত্যাকারীরাই আবার মানবতার সবক দেয়। তিনি চলমান যুদ্ধে বিশ্ব মুসলিমকে কাফের বেইমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি রমজানের শিক্ষা কাজে লাগিয়ে আগামিতে দেশগঠনে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।
শাখা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম আখন্দের সভাপতিত্বে ও মাইনুদ্দীন দেওয়ানের পরিচালনায় আলোচনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা প্রচার সম্পাদক হাফেজ মনির বকাউল, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ তাজল ইসলাম, যুবনেতা হাফেজ আবু সাঈদ প্রমুখ।
ছবির ক্যাপশন: ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদরের ১৩নং হানারচর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।























































