পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ শুরু হয়েছে চলতি বছরের গোলপাতা আহরণ মৌসুম। বন বিভাগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার (০৩ মার্চ) সকাল থেকে গোলপাতা কাটা শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
সুন্দরবনে বছরজুড়েই বিভিন্ন বনজ সম্পদ আহরণের মৌসুম থাকলেও গোলপাতা উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে অন্যতম অর্থকরী সম্পদ হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে ঘরের ছাউনি, বেড়া নির্মাণ এবং বিভিন্ন গ্রামীণ কাজে গোলপাতার ব্যাপক ব্যবহার রয়েছে। এছাড়া বাজারে বিক্রি করেও আয় করেন বাওয়ালীরা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর প্রায় সাড়ে চারশ’ বাওয়ালী বৈধ পাস-পারমিট নিয়ে গোলপাতা আহরণে অংশ নিচ্ছেন। নির্ধারিত রাজস্ব পরিশোধ ও অনুমতি সাপেক্ষে তারা নির্দিষ্ট ব্লকে গিয়ে পাতা সংগ্রহ করছেন। বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিদিনের আহরণ, প্রবেশ ও বহির্গমনের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর গোলপাতা আহরণের সময়সীমা কিছুটা কম হওয়ায় বাওয়ালীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, সময় কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ পাতা সংগ্রহ করা কঠিন হতে পারে। আবার কেউ কেউ বলছেন, বন সংরক্ষণের স্বার্থে সময়সীমা নির্ধারণ প্রয়োজনীয়।
সংশ্লিষ্টরা জানান, অনিয়ন্ত্রিত আহরণে বনজ সম্পদের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম মেনে গোলপাতা কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে গোলপাতা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে বন বিভাগ সতর্ক করেছে।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীবিকানির্ভর মানুষের স্বার্থ সংরক্ষণ—এই দুই লক্ষ্য সামনে রেখেই চলতি মৌসুমের গোলপাতা আহরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



































