চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহযোগিতায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।
তিনি বলেন, নারীরা আজ ঘর থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকার নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, একটি সভ্য ও উন্নত সমাজ গড়তে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও হয়রানি বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং পরিবার থেকেই নারীর প্রতি সম্মান ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে।
জেলা প্রশাসক বলেন, পরিবার থেকেই নারীর প্রতি সম্মান ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে নারীরা প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নারীদের পাশে দাঁড়াতে হবে।
শেষে তিনি নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারী ও পুরুষ একসাথে কাজ করলেই একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সভাপতিত্বে এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি)-এর প্রোগ্রাম অফিসার এসএম তানভীর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কোহিনুর আক্তার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি মুনিরা আক্তার, সবাই মিলে নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী তানিয়া ইসলাম এবং জেলা সনাকের সভাপতি আলাউদ্দিন পাটোয়ারী।




















































